ভারতীয় নৌবাহিনীর নতুন নজরদারি কৌশল: দিন-রাত আকাশে টহল দেবে দেশীয় ড্রোন |

 ভারতীয় নৌবাহিনী তাদের নৌ-ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থল গুলি নিরাপত্তা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মাল্টি-কপ্টার নজরদারি ড্রোন সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

এই লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক একটি রিকোয়েস্ট ফর ইনফরমেশন (RFI) জারি করেছে। এটি প্রথমবার, যখন স্থল-ভিত্তিক নৌ-স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য বিশেষভাবে নজরদারি ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ড্রোনগুলি ‘Buy (Indian-IDDM)’ ক্যাটাগরির আওতায় কেনা হবে। অর্থাৎ, ড্রোন তৈরিতে অন্তত ৫০ শতাংশ দেশীয় প্রযুক্তি ও উপাদান ব্যবহার বাধ্যতামূলক থাকবে। এর মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগও আরও শক্তিশালী হবে।


নৌবাহিনীর চাহিদা অনুযায়ী, নতুন ড্রোনগুলো দিন-রাত নিরবচ্ছিন্নভাবে আকাশপথে নজরদারি চালাতে পারবে। সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে নিরাপত্তা বাহিনীকে রিয়েল-টাইম তথ্য পাঠাবে, ফলে যেকোনও সম্ভাব্য হুমকির মোকাবিলা আরও দ্রুত করা সম্ভব হবে।

প্রস্তাবিত ড্রোনে অত্যাধুনিক ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড (EO/IR) ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি ৩৬০ ডিগ্রি এলাকায় নজরদারি চালাতে সক্ষম হবে এবং একই সঙ্গে ৩০টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারবে।

ভারতীয় নৌবাহিনীর এই উদ্যোগ দেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ