কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি কর্মিসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, সভাস্থলে তাঁকে লক্ষ্য করে ডিম-সহ বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে।
সমাজমাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে মহুয়া মৈত্র দাবি করেন, বিজেপি কর্মীরা সভাস্থল ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিল। তাঁর অভিযোগ, জানালা দিয়ে ডিম ও অন্যান্য বস্তু ছোড়া হয় এবং একটি ডিম তাঁর গায়েও লাগে।
এছাড়াও তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
মহুয়ার দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশও এখনও এ বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেনি।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে কি না এবং প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
0 মন্তব্যসমূহ