মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ১১ বছরের এক স্কুলছাত্র। স্কুল থেকে
বাড়ি ফেরার পথে স্কুলবাসের উপর একটি বড় গাছ ভেঙে পড়লে মৃত্যু হয় ভিহান
শ্রীবাস্তব নামে ওই ছাত্রের। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে, যার মধ্যে
কয়েকজনের অবস্থা গুরুতর।
চেম্বুরের ইউনিভার্সাল স্কুল থেকে বাড়ি ফিরছিল ভিহান। প্রতিদিনের মতো সেদিনও বাড়ি
ফিরে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই অপেক্ষা আর পূরণ হলো না। ছেলের
মৃত্যুসংবাদ পাওয়ার পরও তার ক্রিকেট ব্যাটটি আঁকড়ে ধরে বসে রয়েছেন মা। তাঁর
বিশ্বাস, ছেলে ফিরে এসে আবার ব্যাট হাতে খেলতে যাবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,
ওই এলাকায় আগেও একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝড়-বৃষ্টির কারণে অনেক গাছই
ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বারবার পুরসভাকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা
নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ