১৬ অগস্টের মধ্যে LPG e-KYC না করলে বন্ধ হতে পারে গ্যাস ভর্তুকি! কীভাবে করবেন জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: দেশের সমস্ত গৃহস্থালির এলপিজি (LPG) গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জানানো হয়েছে, আগামী ১৬ অগস্টের মধ্যে প্রত্যেক গ্রাহককে গ্যাস সংযোগের e-KYC (ইলেকট্রনিক নো-ইওর-কাস্টমার) সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC না করলে ভর্তুকিযুক্ত (Subsidised) দামে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না। সেক্ষেত্রে বাজারদরেই সিলিন্ডার কিনতে হতে পারে।
সরকারের তরফে জানানো হয়েছে, ভুয়ো বা নকল অ্যাকাউন্ট বন্ধ করতে এবং গ্যাসের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত। যাঁরা ই-কেওয়াইসি করবেন, শুধুমাত্র তাঁরাই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। যাঁরা এখনও পর্যন্ত তাঁদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করাননি, কেবল তাঁদের জন্যই এই প্রক্রিয়া। যাঁরা ইতিমধ্যে তা করে ফেলেছেন, তাঁদের আর নতুন করে করার প্রয়োজন নেই।
কারা e-KYC করবেন?
যাঁদের গ্যাস সংযোগে এখনও বায়োমেট্রিক বা মুখের পরিচয় (Face Authentication) যাচাই হয়নি। যাঁরা আগে সফলভাবে e-KYC সম্পন্ন করেছেন, তাঁদের আবার নতুন করে করার প্রয়োজন নেই।
কীভাবে করবেন e-KYC?
গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমেও e-KYC করতে পারবেন।
IndianOil-এর গ্রাহকরা IndianOil ONE অ্যাপ, BPCL-এর গ্রাহকরা Hello BPCL অ্যাপ,
HPCL-এর গ্রাহকরা HP Pay অ্যাপ ব্যবহার করে Face Authentication-এর মাধ্যমে e-KYC সম্পন্ন করতে পারবেন। যাঁদের অ্যাপের মাধ্যমে সমস্যা হচ্ছে, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে e-KYC করাতে পারবেন।
সংযোগ অন্যের নামে হলে কী করবেন?
যদি গ্যাস সংযোগ বর্তমান ব্যবহারকারীর নামে না থাকে, তাহলে প্রথমে নাম পরিবর্তর (Name Transfer) করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিয়ে সংযোগ নিজের নামে করার পর e-KYC সম্পন্ন করা যাবে।
e-KYC না করলে কী হবে?
নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না হলে—
গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে।
১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডার ভর্তুকির দামে পাওয়া নাও যেতে পারে।
বাজারদর অনুযায়ী বেশি টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হতে পারে।
তাই যাঁরা এখনও e-KYC করেননি, তাঁদের ১৬ অগস্টের আগেই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে তেল সংস্থাগুলি। এতে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বা ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ