রাজগঞ্জে চিতা বাঘের আতঙ্ক, বাছুরের উপর হামলা করে পালাল বাঘ

রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মাঝিয়ালীর সাকিরাজোত গ্রামে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় দুই ব্যাক্তি গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি চিতা বাঘ এক বছরের একটি বাছুরের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
জানা গিয়েছে, সাগর রায় ও প্রতিবেশী গীতালু রায় সাহু নদীর পাড় থেকে তাঁদের গরু নিয়ে ফিরছিলেন। চা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই একটি চিতা বাঘ লাফিয়ে পড়ে সাগর রায়ের এক বছরের বাছুরটির উপর।

ঘটনায় আতঙ্কিত হয়ে দুই গ্রামবাসী চিৎকার শুরু করেন এবং রাস্তায় পড়ে থাকা পাথর ছুড়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেন। পাথরের আঘাতে চিতা বাঘটি বাছুরটিকে ছেড়ে দ্রুত চা বাগানের ভিতরে পালিয়ে যায়।

গ্রামবাসীদের চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের উপস্থিতির ফলে আর বড় কোনও বিপদ ঘটেনি বলে স্থানীয়দের দাবি।

রাতেই বিষয়টি রাজগঞ্জ থানায় এবং আমবাড়ি বন দপ্তরে জানানো হয়। বৃহস্পতিবার সকালে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

বাছুরের মালিক সাগর রায় জানান, বাছুরটির শরীরে চিতা বাঘের নখের আঁচড়ের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই মাঝিয়ালীর সাকিরাজোত গ্রাম ও আশপাশের এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ