মণিপুরে উত্তেজনা, অসম রাইফেলস শিবিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইম্ফল: ফের উত্তপ্ত মণিপুর। সেনাপতি জেলার নাগা তাপহৌ এলাকায় অসম রাইফেলসের একটি শিবিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার রাতে সশস্ত্র এনএসসিএন (আইএম) জঙ্গিদের বিরুদ্ধে চালানো তল্লাশি অভিযানের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন বলে অভিযোগ।

সূত্রের খবর, রাত সাড়ে ৯টা নাগাদ বিক্ষুব্ধ জনতা, যাদের মধ্যে বহু মহিলাও ছিলেন, অসম রাইফেলস ক্যাম্পের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্প লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে কয়েকটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দুটি ট্রাক উল্টে দেওয়ার ঘটনাও ঘটে। একটি বেসামরিক গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে মাকুইলংড়ি এলাকায় এনএসসিএন (আইএম)-এর সশস্ত্র সদস্যদের উপস্থিতির খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় অসম রাইফেলস। অভিযোগ, ওই অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন, যার জেরেই পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুর পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং শূন্যে গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। মধ্যরাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে খবর।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ