অভিযোগ অনুযায়ী, প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের একটি Maruti Suzuki Grand Vitara Strong Hybrid গাড়ি কেনার পর থেকেই গাড়ির মালিক ইঞ্জিন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। অভিযোগকারী ব্যাক্তির দাবি, E20 পেট্রোল ব্যবহার করার পর গাড়িতে ইঞ্জিন মিসফায়ার, পারফরম্যান্স কমে যাওয়া এবং মাইলেজ হ্রাসের মতো সমস্যা বারবার দেখা দিতে থাকে।
গাড়িটি একাধিকবার অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।
মামলার শুনানি শেষে রায়পুর জেলা ক্রেতা সুরক্ষা আদালত নির্দেশ দেয়, সংশ্লিষ্ট সংস্থাকে ৪৫ দিনের মধ্যে গ্রাহককে একটি নতুন E20-উপযোগী গাড়ি সরবরাহ করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে গাড়ির মূল্য, আরটিও ফি এবং বিমার অর্থ মিলিয়ে মোট ২০,৫০,৪৯৪ টাকা ফেরত দিতে হবে।
এছাড়াও, মানসিক হয়রানির জন্য গাড়ির মালিককে ১ লক্ষ টাকা এবং মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রায়ে কমিশন উল্লেখ করেছে যে বর্তমানে দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে E20 পেট্রোলই বেশি উপলব্ধ হওয়ায় সাধারণ গ্রাহকদের বিকল্প জ্বালানি ব্যবহারের সুযোগ সীমিত। ফলে গাড়ির নির্মাতাদের পক্ষে E20-র সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ যানবাহন বাজারে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, এই রায় ভবিষ্যতে E20 জ্বালানি, গাড়ির প্রযুক্তিগত সামঞ্জস্য এবং ভোক্তার অধিকার সংক্রান্ত মামলায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

0 মন্তব্যসমূহ