নিউজ বাংলা প্লাস: ব্রোকারেজ হাউসের সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটিকে কাজে লাগিয়ে ২০ মিনিটে ₹১.৭৫ কোটি টাকা আয় করা এক ট্রেডারের পক্ষে রায় দিল বম্বে হাইকোর্ট। কোটাক সিকিউরিটিজ (Kotak Securities)-এর অ্যাকাউন্টে ভুলবশত প্রদর্শিত অতিরিক্ত মার্জিনের ভিত্তিতে অর্জিত এই লাভ অর্বিট্রেটর বা সালিশি আদালতের নির্দেশে ট্রেডারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে আদালত।
ঘটনাটি ২০২২ সালের ২৬ জুলাইয়ের। মুম্বইয়ের ট্রেডার গজানন রামদাস রাজগুরুর ট্রেডিং অ্যাকাউন্টে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকৃত ব্যালান্স মাত্র কয়েক হাজার টাকা থাকা সত্ত্বেও প্রায় ₹৪০ কোটি অতিরিক্ত মার্জিন ব্যালান্স হিসেবে দেখা যায়। এই অতিরিক্ত মার্জিনের সুযোগ নিয়ে তিনি দ্রুত ফিউচার্স অ্যান্ড অপশনস (F&O) বাজারে প্রায় ₹৯৪.৮১ কোটি টাকার লেনদেন করেন। মাত্র ২০ মিনিটের ব্যবধানে সমস্ত পজিশন স্কোয়ার অফ (Square off) করে তিনি নেট ₹১.৭৫ কোটি টাকা লাভ করেন।
ঘটনাটি জানতে পেরে কোটাক সিকিউরিটিজ ট্রেডারের অ্যাকাউন্ট থেকে ওই লাভের টাকা কেটে নেয়। তাদের দাবি ছিল, সিস্টেমের ভুলের সুযোগ নিয়ে এই লাভ অর্জিত হয়েছে। এরপর বিষয়টি সালিশি প্রক্রিয়ায় গড়ায়, যেখানে ট্রেডারের পক্ষে রায় দেওয়া হয়। কোটাক সিকিউরিটিজ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে গেলে হাইকোর্ট ট্রেডারের পক্ষেই রায় বহাল রাখে। আদালতের মতে, ট্রেডার নিজের সিদ্ধান্ত ও ঝুঁকি নিয়ে বাজারে লেনদেন করেছিলেন; কেবল ব্রোকারের প্রযুক্তিগত ত্রুটির অজুহাতে অর্জিত লাভ স্বয়ংক্রিয়ভাবে ব্রোকারের সম্পত্তি হতে পারে না।

0 মন্তব্যসমূহ