বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় ধৃত তিন

জলপাইগুড়ি: বোদাগঞ্জ ভ্রামরী দেবী অন্নপূর্ণা মন্দিরে প্রণামী বাক্স চুরির ঘটনায় তিন যুবক মন্দির কমিটির কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। মন্দির কমিটির দাবি, গত ৯ জুলাই ২০২৬ তারিখে মন্দিরের প্রণামী বাক্স চুরি হয়। ঘটনার পর তদন্ত চলাকালীন বৃহস্পতিবার, ২৩ জুলাই, তিন যুবক মন্দির কমিটির কাছে এসে নিজেদের ভুল স্বীকার করে আত্মসমর্পণ করেন।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী তিন যুবক বোদাগঞ্জ সংলগ্ন তুরুক ঘাট গ্রামের বাসিন্দা। তাঁদের নাম কৈলাশ রায়, মনজিৎ রায় এবং মিঠু ওরাওঁ বলে জানিয়েছে মন্দির কমিটি।

কমিটির দাবি, প্রণামী বাক্স চুরির পর থেকেই ওই তিন যুবক মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া ও ঘুমোতে পারছিলেন না বলেও তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তাঁরা মন্দির কমিটির কাছে এসে ঘটনার কথা স্বীকার করেন এবং আত্মসমর্পণ করেন।

এরপর মন্দির কমিটির পক্ষ থেকে তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আগামীকাল, ২৪ জুলাই, তাঁদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

তবে চুরির ঘটনায় ঠিক কী পরিমাণ অর্থ বা সামগ্রী খোয়া গিয়েছিল এবং পুরো ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ