আবার বঙ্গ সফরে অমিত শাহ, জুলাইয়ে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ বাংলা প্লাস : চলতি মাসেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই তিনি রাজ্যে পৌঁছাতে পারেন এবং দু'দিনের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সাঁকরাইলে অবস্থিত আমুল সংস্থার দুটি নতুন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। পাশাপাশি, রাজ্যে বিজেপির সাংগঠনিক বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। আগামী ১৯ জুলাই দলের সাংসদ, বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি রাজ্যে বিজেপির সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটে অমিত শাহের এই সফর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বিজেপির অন্দরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। অমিত শাহের সম্ভাব্য এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ